সারাদেশ
রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
রাজশাহীতে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না, আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক গতি।
বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। এর আগের দিন বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, ‘সোয়েটার ও জ্যাকেট পরেও শীত কমছে না। কুয়াশার কারণে রাস্তায় লোকজন কম থাকায় আয়ও অনেক কমে গেছে।’
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানান, জেলায় বর্তমানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। পাশাপাশি বাতাসে আর্দ্রতার মাত্রা শতভাগ থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে বলে তিনি জানান।