সারাদেশ
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
নাটোরে সাত বছরের এক শিশুর ডান হাতের আঙুলের একাংশ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম শাকিল। তিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি ভুক্তভোগী শিশুটির বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।
আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার রাতে ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী বাসায় পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলা করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় শিশুর মা বিষয়টি মীমাংসা করে দেন।
মিলনের অভিযোগ, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে দেওয়া হয়। শিশুটির কান্নার শব্দ শুনে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।