সারাদেশ

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২।

শুক্রবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম ১ (বনপাড়া) ও বড়াইগ্রাম ৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের পাশাপাশি দুয়াড়িয়া ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। নির্ধারিত কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।