সারাদেশ

রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে নিজের দেড় বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) ও তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষ।

পুলিশ জানায়, সূচনা ঘোষ তার ছেলে জয়দেবকে শ্বাসরোধে হত্যা করার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। জানালার ফাঁক দিয়ে ঘটনাটি প্রথম দেখতে পান তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। নিহত গৃহবধূর আরেক মেয়ে পূজা ঘোষের বিয়ে হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ একজন শারীরিক প্রতিবন্ধী এবং একটি ছোট মুদি দোকান পরিচালনা করেন।

স্বামী শংকর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং বিভিন্ন সময় চিকিৎসাও করানো হয়েছিল। তার ধারণা, মানসিক অবসাদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারটিতে অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল। মানসিক অসুস্থতা নাকি পারিবারিক কলহ-কোন কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।