সারাদেশ

গভীর রাতে গোবিন্দগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, জিম্মি করে লাখ টাকার মালামাল লুট


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:১২ পিএম

গভীর রাতে গোবিন্দগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, জিম্মি করে লাখ টাকার মালামাল লুট
গভীর রাতে গোবিন্দগঞ্জে দুঃসাহসিক ডাকাতি, জিম্মি করে লাখ টাকার মালামাল লুট। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রাচীর টপকে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক পারভিন বেগম জানান, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে।

এরপর ঘরের বিভিন্ন শোকেস তছনছ করে মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় পারভিন বেগমের ছেলে শোয়েব রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।