সারাদেশ

রাজিবপুরে নদীভাঙন এলাকা ঘুরে দেখলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

রাজিবপুরে নদীভাঙন এলাকা ঘুরে দেখলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জারিন রনি।

শনিবার (৮ আগস্ট) তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় নদীভাঙনের ফলে সৃষ্ট পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং ভুক্তভোগীদের নানা সমস্যার কথা সরাসরি শোনেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তারা দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিমন্ত্রীও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কমিশনার সায়েকুল হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুগ্ম আহ্বায়ক মিরন মো. ইলিয়াসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিপুলসংখ্যক স্থানীয় মানুষও উপস্থিত হয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, প্রতি বছর নদীভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

স্থানীয়দের দাবি, সাময়িক নয়, স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি নদীশাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের আশা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রাজিবপুরের ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।