সারাদেশ
পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ওই ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। আটক ব্যক্তির নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা মিশ্রিলাল গোপের ছেলে।
স্থানীয়দের দাবি, শনিবার সকালে সীমান্তের ওপারের একটি চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর ভুলবশত বাংলাদেশ অংশে ঢুকে পড়েন। পরে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ—এমন অভিযোগ করেন স্থানীয়রা। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল। কানে কম শোনেন ও ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে যেন হস্তান্তর না করা হয়।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।