সারাদেশ

পঞ্চগড়ে আখখেতে ঢুকে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক, পুলিশে দিল বিজিবি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

পঞ্চগড়ে আখখেতে ঢুকে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক, পুলিশে দিল বিজিবি
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির সময় স্থানীয়দের হাতে আটক এক ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোববার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি দীপঙ্কর গোপ (৩৫)। তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি মিশ্রিপাল গোপের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে একটি আখখেতে ঢুকে আখ চুরির সময় স্থানীয়রা তাকে আটক করে এবং গ্রামে আটকে রাখে।

এ সময় স্থানীয়রা দাবি করেন, সীমান্ত থেকে কয়েক দিন আগে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দিলে আটক ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হবে।

ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান না হওয়ায় স্থানীয়রা আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বিএসএফ পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও তারা জানিয়েছে।