সারাদেশ

রাজিবপুরে ফ্রেন্ডশিপের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

রাজিবপুরে ফ্রেন্ডশিপের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
রাজিবপুরে ফ্রেন্ডশিপের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা। ছবি: ঢাকাপ্রকাশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ফ্রেন্ডশিপ বাংলাদেশের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তা, মোহনগঞ্জ ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ২৫টি গ্রামের বন্যা স্বেচ্ছাসেবক ও ফ্রেন্ডশিপের দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রতিনিধিরা সভায় অংশ নেন। ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা, মাঠ সমন্বয়কারী ও সংগঠকেরাও উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উজ্জ্বল দিও। প্রকল্প বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং এর বিভিন্ন দিক স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফ্রেন্ডশিপের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় ফ্রেন্ডশিপের কার্যক্রম তিনি দেখেছেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকায় বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্প দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রম অত্যন্ত উৎসাহব্যঞ্জক। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজিবপুরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় দুর্যোগের ঝুঁকি কমাতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্যা স্বেচ্ছাসেবক মোছা. সালমা আক্তার বলেন, ফ্রেন্ডশিপের গাইবান্ধা প্রশিক্ষণ কেন্দ্রে তিনি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের কাছ থেকে নেওয়া এসব প্রশিক্ষণ সামাজিক কর্মকাণ্ড এবং দুর্যোগকালীন সময়ে ঝুঁকি কমাতে কাজ করতে তাকে সহায়তা করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, রাজিবপুর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এ ধরনের প্রকল্পের প্রয়োজন রয়েছে। পাশাপাশি নতুন নতুন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

সভা শেষে ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান র‍্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, এফডিএমসি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।