সারাদেশ
লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা
ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারি বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বাড়ায় তিস্তাপাড়ের চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার। সেখানে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত দুই দিনের টানা ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীর পানি আরও বাড়তে পারে। এতে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টায় পানির সমতল ছিল ২৮ দশমিক ৮৫ মিটার। ওই পয়েন্টে বিপদসীমা ৩০ দশমিক ৮৭ মিটার। ফলে সেখানে পানি এখনো বিপদসীমার ২ মিটার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তিস্তাপাড়ের চরাঞ্চলের বাসিন্দারা পানি বৃদ্ধির পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।