সারাদেশ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর হঠাৎ বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় দ্রুত পুরো স্থাপনায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে একে একে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।