সোশ্যাল মিডিয়া

হঠাৎ সবাই পানিতে হলুদ মেশাচ্ছে কেন, কী এই ট্রেন্ডিং


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:০৭ এএম

হঠাৎ সবাই পানিতে হলুদ মেশাচ্ছে কেন, কী এই ট্রেন্ডিং
ছবি: সংগৃহীত

বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ট্রেন্ড চোখে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ট্রেন্ড ভাইরাল হয়েছে। এক গ্লাস পানিতে হলুদ মিশিয়ে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ।

ভিডিওতে দেখা যায়, তারা কাচের গ্লাসের পানিতে হলুদ মেশাচ্ছেন। এক চামচ হলুদ, পানিভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট। তিনটি বস্তু দিয়ে ম্যাজিক দেখাচ্ছেন তারা। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। নতুন এ ট্রেন্ডকে বলা হয় ‘গ্লোয়িং ওয়াটার’। রান্না ঘরের হলুদ, জল আর কাচের গ্লাস এই তিন উপাদান ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকে।

প্রথমে একটি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে। এরপর কাচের গ্লাসে পানিভর্তি করে সেই গ্লাস রাখতে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের ওপর। ঘরের আলো নিভিয়ে কাচের গ্লাসের মধ্যে ফেলে দিতে হবে এক চিমটে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ধীরে ধীরে মিশতে শুরু করবে পানিতে। তখন সেই পানিভর্তি গ্লাসটি ভিডিও করতে হবে।

এসব ভিডিও অনেকেই উপভোগ করছেন। তবে কোন ট্রেন্ড কখন কেন ভাইরাল হবে তা বলা কিন্তু কঠিন। এই ট্রেন্ডের কারণ সম্পর্কেও অনেকেই বলতে পারবেন না। কেউ একজন এটি উদ্ভাবন করে ছড়িয়ে দিয়েছেন। তার দেখাদেখি অন্যরা আগ্রহী হয়েছেন এই ভিডিও তৈরি করতে।

এর যেমন উপকারী দিক নেই; তেমনই ক্ষতিকর কোনো দিক আছে বলেও জানা নেই। মানুষ মনের আনন্দেই এসব করে থাকেন। একে একেকটি এক্সপেরিমেন্টও বলা যেতে পারে। এর মনোমুগ্ধকর সোনালি আভা জুড়িয়ে দিচ্ছে চোখ। উজ্জ্বল হলুদ আভার বিচ্ছুরণ দেখার মধ্যে আছে বিস্ময় ও তৃপ্তির অনুভূতি।

দৃশ্যটি শিশুদেরও আকৃষ্ট করেছে। শিশুদের উচ্ছ্বাস দেখে আনন্দিত হচ্ছেন অনেকেই। বিশুদ্ধ আনন্দ উপভোগ করছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় একে ‘মিনি সায়েন্স ডেমো’ বলেও অভিহিত করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রেন্ডের ভিডিয়োতে অনেকেই লিখছেন এবার কিন্তু দাম বাড়তে পারে হলুদের।