খেলা

মুশফিক-শান্তর জোড়া শতক, চালকের আসনে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:১৫ পিএম

মুশফিক-শান্তর জোড়া শতক, চালকের আসনে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট ম্যাচের প্রথম দিনেই দুজনেই তুলে নিয়েছেন দুর্দান্ত শতক, যা বাংলাদেশ দলের ইনিংসকে শক্ত ভিত দিয়েছে। তাদের এই জোড়া সেঞ্চুরিতে ম্যাচে দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে টাইগাররা।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ আর মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। শান্ত-মুশফিকের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৪৭ রান।

গলে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ধীর শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে।

আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু আরও একবার ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবতে হয় তাকে। ২৯ করে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন তিনি। কাট করতে গিয়ে ধরা পড়েন প্রথম স্লিপে। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

সেখান থেকে শান্ত আর মুশফিকের জুটি। টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো নাজমুল হোসেন শান্তর। ২১ ইনিংস এবং প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত।

টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর ষষ্ঠ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকও। যেটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। প্রায় ১০ মাস পর সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

এরআগে, শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান।