খেলা

এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি প্রকাশ, সহজ গ্রুপে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম

এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি প্রকাশ, সহজ গ্রুপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আগামী ৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। এবারের আসর বসছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সে (টুইটারে) এসিসির চেয়ারম্যান লিখেছেন,‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।’

dhakaprokash- mohsin naqvi.jpg
মহসিন নাকভি এক্সে সময়সূচি প্রকাশ প্রকাশ করেছেন।  ছবি: সংগৃহীত

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে একই গ্রুপে ভারত-পাকিস্তান, 'এ' গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।

asia cup_Dhakaprokash.jpg

ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। 

ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

মূলত ভারতেই হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর এসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়।