খেলা
বিসিবি পরিচালক পদের মনোনয়ন ফরম কিনলেন তামিম ইকবাল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন নেন। তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান ফরম সংগ্রহ করেন।
তামিমের মতো বিসিবির নির্বাচনে প্রার্থী হতে গিয়ে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি আজ সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন আরও এক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি সি ক্যাটাগরি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে জেলা ও বিভাগ, ক্লাব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা। গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সংস্থা ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন আরও দুইজন।
আজ শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলে। ফরম সংগ্রহের প্রথম দিনেই তামিম, রাজ্জাক ও পাইলটের মতো বড় নামের আগমন নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করেছে।