খেলা
'জাতীয় বাল পুরস্কার' নিয়ে মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী
মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেটের মাঠে একের পর এক রেকর্ড গড়ে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী এবার জিতে নিয়েছেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান রাষ্ট্রীয় বাল পুরস্কার। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন বৈভব।
পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈভবের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।
এই প্রথম নয়, চলতি বছরের মে মাসে মোদির বিহার সফরের সময় পাটনা বিমানবন্দরে বৈভব ও তার পরিবারকে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় মোদি বৈভবের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছিলেন, “বৈভব এত কম বয়সে আইপিএলে অসাধারণ খেলছে। এটি তার কঠোর পরিশ্রমের ফল।”

১৪ বছর বয়সি এই কিশোরের খেলার কেরিয়ারও অনন্য। আইপিএল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং রাজ্য দল বিহারে খেলার অভিজ্ঞতায় ইতোমধ্যেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। অনেকেই তাকে তরুণ শচীন তেণ্ডুলকরের ছায়া বলে অভিহিত করছেন।
রাষ্ট্রীয় বাল পুরস্কার সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে সেরা কর্মদক্ষতা দেখানো কিশোরদের দেওয়া হয়। এর আগে ক্রিকেটাররা এই পুরস্কার পাননি। তবে দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু ও বৈশালী রমেশবাবু এই সম্মান জেতেছিলেন। এ বছর আরও অনেক কিশোর এই পুরস্কার পেয়েছে, যার মধ্যে ১০ বছর বয়সি শ্রবণ সিংও ছিলেন।