খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেও বোর্ড পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে অধিকাংশ পরিচালক শুরুতে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।
এরই ধারাবাহিকতায় আজকের সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ ও সম্মানজনক হবে না। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে বিসিবি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “এ বিষয়ে খুব শিগগিরই বিসিবির অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।”
বিশ্বকাপ সংক্রান্ত এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও ক্রীড়াগত অধিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারই প্রতিফলন এই সিদ্ধান্ত। এখন বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন।