খেলা

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পিসিবি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই অবস্থায় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির অবস্থানকে যৌক্তিক ও বৈধ বলে মনে করছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও আপাতত বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ড কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সম্মানজনক কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নতুন করে বিবেচনা করবে। এমনকি বিশ্বকাপে অংশ না নিলে কী করা হবে-সে বিষয়ে একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

জিও সুপার-এর সূত্র জানিয়েছে, পিসিবির মতে, আয়োজক দেশ হওয়ার অজুহাতে কোনো অংশগ্রহণকারী দেশের ওপর চাপ সৃষ্টি বা হুমকি দেওয়া উচিত নয়। সব দেশের নিরাপত্তা ও সম্মান সমানভাবে বিবেচনা করা প্রয়োজন।

এর আগে, গত ১১ জানুয়ারি পিসিবি জানায়, কোনো কারণে শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করে বোর্ডটি।

এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ-এর খবরে জানানো হয়, আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তনে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের প্রস্তাব কার্যত বাতিল হয়ে গেছে।

আইরিশ বোর্ডকে রাজি করাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই উদ্যোগ নেন। বিসিবি সূত্র জানায়, শনিবার রাতে তিনি আইরিশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। তবে সেখান থেকে কোনো ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে কি না, তা জানা যায়নি। আইসিসির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো দলকে বাধ্য করার সুযোগ নেই। পাশাপাশি স্বাগতিক শ্রীলঙ্কার সম্মতিও প্রয়োজন।

বর্তমানে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড-যাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি-যাদের সব ম্যাচ নির্ধারিত ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

এই পরিস্থিতিতে আইসিসি বিসিবিকে ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশকে গ্রুপ ‘সি’-তেই কলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ খেলতে হবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।