খেলা
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্তে অটল সরকার ও বিসিবি: আসিফ নজরুল
আইসিসির নির্ধারিত সময়সীমা শেষ হলেও ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে না বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডভুক্ত ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বৈঠকে ড. আসিফ নজরুলের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একাধিক নাটকীয় ঘটনার পর বাংলাদেশের সামনে মূলত দুটি পথ খোলা ছিল—ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া অথবা পুরো আসর থেকেই সরে দাঁড়ানো। শেষ পর্যন্ত নিরাপত্তা উদ্বেগকে প্রাধান্য দিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকল সরকার ও বিসিবি।
বৈঠক শেষে ড. আসিফ নজরুল বলেন, “ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসি আমাদের ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবির বিষয়ে ন্যায্যতা দেখায়নি। সরকারের পক্ষ থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সেই অবস্থানে দৃঢ়।”
তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ সবারই ছিল, তবে ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা এখনো রয়ে গেছে। এই শঙ্কা কোনো অনুমাননির্ভর বিষয় নয়, বরং বাস্তব অভিজ্ঞতা ও ঘটনার আলোকে নেওয়া সিদ্ধান্ত বলেও জানান তিনি।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখনো চায় তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তিনি জানান, বিকল্প ভেন্যুর দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।
ভারতের একটি আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখালেও বিসিবি সভাপতি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, মুস্তাফিজ নিজে আইপিএল থেকে সরে দাঁড়াননি, তার কোনো চোট ছিল না এবং বিসিবিও তার এনওসি প্রত্যাহার করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ওই ঘটনার পরই আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিকল্প ভেন্যুর দাবি তোলে বিসিবি।
বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।