খেলা

ভেন্যু পরিবর্তনে অনড় বিসিবি, আইসিসিকে আবারও চিঠি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

ভেন্যু পরিবর্তনে অনড় বিসিবি, আইসিসিকে আবারও চিঠি
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি।

চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না।

এর আগে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে সেই সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরং নিরাপত্তা ইস্যুতে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, “নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।”

এরপরই ই-মেইলের মাধ্যমে আইসিসিকে আবারও চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির দায়িত্বে রয়েছে এই কমিটি।

বিসিবির আশা, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিটির কাছে পাঠাবে। তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি মেনে না নেয়, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত ছিল। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। পরবর্তীতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচ কলকাতায় নির্ধারিত ছিল। এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি রয়েছে বাংলাদেশের।