খেলা

বিশ্বকাপ না খেলতে পেরে দুই ক্রিকেটার প্রায় কোমায় চলে গিয়েছিল: সালাউদ্দিন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

বিশ্বকাপ না খেলতে পেরে দুই ক্রিকেটার প্রায় কোমায় চলে গিয়েছিল: সালাউদ্দিন
সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাদ পড়ে বাংলাদেশ দল। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে (আইসিসি)। এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

বিশ্বকাপে খেলতে না পারার হতাশা নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কলকাতা ও শ্রীলঙ্কায় খেলা দেখার পর মনে হয়েছে, উইকেটটা হয়তো আমাদের জন্য দারুণ হতো। এই ধরনের উইকেটে আমরা ভালো করতে পারতাম। খেলার মান দেখে মনে হয়েছে, এখানে আমাদের বড় সুযোগ ছিল।”

তিনি আরও বলেন, “এখন আফসোস করে লাভ নেই। টি-টোয়েন্টি দল হিসেবে আমরা তখন অনেক গোছানো ছিলাম, বিশ্বকাপ ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। সবদিক বিবেচনায় আমার মনে হয়, আমাদের ভালো করার বাস্তব সুযোগ ছিল।”

বিশ্বকাপে না খেলতে পারার মানসিক ধাক্কার কথা বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, “আমি জানি, আমার দুইজন খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। পরে আমরা তাদের ‘অদম্য কাপ’ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি-এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তারা ফিরে এসে আবার রান করেছে।”

শেষে আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিতে পারেন। কিন্তু একজন খেলোয়াড় একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে দেখতে কত বছর পার করে-সেটা ভেবে খুব কষ্ট লাগে।”