খেলা

মেজর লিগে নিষিদ্ধ হলেন লিওনেল মেসি 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৬ পিএম

মেজর লিগে নিষিদ্ধ হলেন লিওনেল মেসি 
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও দারুণ সময় পার করছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই করেছেন জোড়া গোল। তবে এর মাঝেই খেলেন বড় ধাক্কা। নিষেধাজ্ঞার মুখে পড়লেন।

তবে এই ঝুঁকি আগেই তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তারা সেটি এড়াতে পারলেন না। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। একই শাস্তি পেয়েছেন জর্দি আলবাও।

আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার ম্যাচের আগে নাম প্রত্যাহার করেছিলেন মেসি-আলবা। যা ভালোভাবে নেয়নি, নিয়মানুযায়ী শাস্তির সম্মুখীন হয় দলটা।

dhakaprokash-messi.jpg
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

যদিও ম্যাচটিতে অলস্টার ৩-১ গোলে জয় পায়, তবুও হঠাৎ করে মেসিরা না খেলার কারণে এমএলএস কর্তৃপক্ষ শাস্তি ঘোষণা করে। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অলস্টার গেমে অনুপস্থিত থাকার কারণে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না জর্দি আলবা এবং লিওনেল মেসি।’

‘নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অলস্টার গেমে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারেন না।’

তবে এই সিদ্ধান্ত নেয়া যে সহজ ছিল না, তা অনুমেয়ই। যা স্বীকার করে ফোনে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে এমএলএস কমিশনার ডন গারবার বলেছেন, মেসিকে নিষিদ্ধ করাটা ছিল ‘খুব খুব কঠিন’।

dhakaprokash-messi 1.jpg
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আমি জানি মেসি এই লিগকে কতটা ভালোবাসেন। আমিও মনে করি না যে, তার চেয়ে কেউ লিগের জন্য বেশি কিছু করেছে। মায়ামির জন্য তার সম্মান, প্রতিশ্রুতির বিষয়টি বুঝতে পারছি। একইসাথে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই’

‘দুর্ভাগ্যবশত, অলস্টার ম্যাচ খেলার জন্য আমাদের দীর্ঘদিনের নিয়ম রয়েছে ও খুব কঠিন হলেও আমাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে। আশা করি, এটা মেসি ও বাকিরা বুঝবেন এবং সম্মান করবেন।’

উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে মায়ামির খেলা ২৩টির মধ্যে ২২ ম্যাচেই প্রতিটি মিনিট মাঠে ছিলেন মেসি। ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচ খেলেছেন মেসি-আলবারা।

dhakaprokash-messi 3.jpg
লিওনেল মেসি ও আলবা। ছবি: সংগৃহীত

ফলে তাদের বিশ্রাম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছিল। এসব বিষয় বিবেচনা করেই মূলত মায়ামি তাদের অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তবে অলস্টার গেমে না খেলায় শাস্তি পাওয়ার ঘটনা এই প্রথম নয়; ২০১৮ সালে অলস্টার গেমে না খেলায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক ফরোয়ার্ড জালাটান ইব্রাহিমোভিচও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।