খেলা

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে মাঠে ফিরেই জোড়া গোল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে মাঠে ফিরেই জোড়া গোল
নতুন হেয়ারস্টাইলে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো মাঠে চোখ ধাঁধানো ফুটবল, কখনো ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়া নতুন হেয়ারস্টাইল—সব সময়ই তিনি আলোচনায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনজুরি কাটিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই গোল করে প্রমাণ দিলেন, তিনি এখনও মাঠ কাঁপাতে পারেন। আর সেই সঙ্গে নজর কাড়লেন নতুন হেয়ারস্টাইলেও।

মঙ্গলবার (৫ আগস্ট) ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্টুদর বিপক্ষে ফিরেই জোড়া গোল করেন নেইমার।

neymar1_Dhakaprokash.jpg

এদিন ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে প্রথম গোলটি করেন তিনি। এরপর মাত্র তিন মিনিট পরেই সান্তোসের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারো ব্যারেল। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে একটি গোল শোধ করে জুভেন্টুদ। দ্বিতীয়ার্ধে যদিও সান্তোস কিছুটা ধীর গতির হয়ে পড়ে, কিন্তু নেইমার ছিলেন আত্মবিশ্বাসী ও ছন্দে। ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে জোড়া গোল করার পর এই প্রথম আবারও এক ম্যাচে দুই গোল করলেন নেইমার। শুধু তাই নয়, টানা পাঁচ ম্যাচে খেলেছেন, যা ২০২২ সালের পর এই প্রথম। এসব পরিসংখ্যান বলছে, দীর্ঘ ইনজুরি কাটিয়ে নেইমার ফিরেছেন ছন্দে।

neymar2_Dhakaprokash.jpg

জয় ও ব্যক্তিগত সাফল্যের পর ব্রাজিল জাতীয় দলে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি। আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই স্কোয়াডে জায়গা পেতে আগ্রহ প্রকাশ করে নেইমার বলেন, ‘আমার খেলার স্টাইল সবাই জানে। এখন আমি ফিট এবং মাঠে ফিরেছি। আমি একজন অ্যাথলেট, এখনো নিজেকে ভালোভাবে অনুভব করছি। এখন সিদ্ধান্তটা কোচদের।’

২০২৬ বিশ্বকাপে আগে থেকেই জায়গা করে নেওয়া ব্রাজিল দল সেপ্টেম্বরে শেষবারের মতো বাছাইয়ের ম্যাচ খেলবে। নেইমারকে কি দেখা যাবে সেই ম্যাচগুলোতে? সময়ই দেবে তার উত্তর। তবে মাঠের পারফরম্যান্সে নেইমার ইতিমধ্যেই জানান দিয়ে রেখেছেন—তিনি এখনো থেমে যাননি। বরং নতুন উদ্যমেই ফিরেছেন প্রিয় মঞ্চে।