খেলা

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিশিয়াকে ৪ গোলে উড়িয়ে দিল জাপান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:১৫ পিএম

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিশিয়াকে ৪ গোলে উড়িয়ে দিল জাপান
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি স্বর্ণালি অধ্যায় রচিত হলো ১০০০তম ম্যাচে। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে এই মাইলফলক ম্যাচটিকে দাপটের সঙ্গে স্মরণীয় করে তুলেছে এশিয়ার শক্তিশালী দল জাপান। তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচে ৪-০ গোলের একতরফা জয় পেয়েছে তারা।

রোববার (২১ জুন) মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। ম্যাচের মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার দ্রুত গোলের মাধ্যমে এগিয়ে যায় তারা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদার গোল ব্যবধানে আরও এগিয়ে নেয় দলকে।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। দ্বিতীয়ার্ধেও একই ধারায় আক্রমণ চালিয়ে যায় তারা। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো দারুণ এক গোল করে ব্যবধান ৩-০ করেন।

এরপর ৮৩তম মিনিটে আয়াসে উয়েদা নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এবং ব্যক্তিগতভাবে হালি গোল পূর্ণ করেন।

ম্যাচজুড়ে দুর্দান্ত আক্রমণ ও সংগঠিত ফুটবল খেলে তিউনিশিয়াকে কোনো সুযোগই দেয়নি জাপান। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচটি রঙিন করে রাখে তারা।