খেলা

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

নকআউট পর্বে আর্জেন্টিনার জয়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে করা তার বিতর্কিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবের সঙ্গে মেলেনি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়েই ভেস্তে গেছে তার সেই দাবি।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই ঘিরে বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের খেলায় দেখা যায় ভিন্ন চিত্র। আকাশি-নীলদের বিপক্ষে কেপ ভার্দে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় পায়নি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচে ১-১ সমতা ছিল। অতিরিক্ত সময়েও দুই দল পাল্টাপাল্টি আক্রমণে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ফলেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয়।

এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ছিলেন কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও পর্তুগাল এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে এবং সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

এছাড়া ইংল্যান্ড ও ঘানার ম্যাচ নিয়ে তিনি দাবি করেছিলেন, তার ‘কালো জাদুর প্রভাবে’ হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই জাদু তুলে নেওয়ার কথা জানান, যেখানে কেইন গোল করতে সক্ষম হন।

এসব কারণে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরেও বোনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। ম্যাচের শুরুতে কেপ ভার্দের লড়াই কিছুটা শঙ্কা তৈরি করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার দৃঢ়তায় জয় নিশ্চিত হয়। ফলে মেসিদের জয়ে আবারও ভুল প্রমাণিত হলো ঘানার তান্ত্রিকের দাবি।

অন্যদিকে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তা একই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে তার সেই অনুমানও বাস্তবে রূপ নেয়নি।