জাতীয়

সরকারি টাকা নষ্ট হবে, তাই মোটা ও সাদা কাপড় পরেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

সরকারি টাকা নষ্ট হবে, তাই মোটা ও সাদা কাপড় পরেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দৃষ্টান্ত তৈরি করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জনগণের করের টাকা যেন কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, আগের সরকারের সময় প্রধানমন্ত্রীর খাবার ও অন্যান্য খাতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত সাশ্রয়ী নীতি অনুসরণ করছেন।

তিনি বলেন, গত পাঁচ মাসে সরকার আগের সরকারের রেখে যাওয়া ঋণের ২০৫ কোটি ডলার পরিশোধ করেছে। জনগণের করের টাকা ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থ কোনোভাবেই অপচয় করা যাবে না, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

চিফ হুইপ বলেন, কোনো মন্ত্রী বা সংসদ সদস্য সরকারি কাজে বাইরে গিয়ে ব্যয় করলে শুধু বিল দিলেই হবে না, ব্যয়ের যথাযথ কাগজপত্রও দিতে হবে। রাষ্ট্রের একটি টাকাও যেন অপ্রয়োজনে খরচ না হয়, সেটিই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনেও ব্যয় কমানোর উদ্যোগের কথা তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয় না করার বিষয়ে তারেক রহমান নিজেই উদাহরণ তৈরি করছেন। এ কারণে তিনি সাদা ও মোটা কাপড় পরেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিমানবন্দরে যাতায়াত কমানো হয়েছে। তার সঙ্গে বড় কোনো গাড়িবহর বা অতিরিক্ত লোকজনও থাকে না। এমনকি তিনি নিজের কার্যালয়েই খাবার খান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবারের ব্যয় প্রসঙ্গে আগের সরকারের সঙ্গে বর্তমান সময়ের তুলনা তুলে ধরে চিফ হুইপ বলেন, আগের সরকারের সময় এক বছরে প্রধানমন্ত্রীর খাবারে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রী তার খাবারের জন্য মাত্র ১৫০ টাকা বিল করেন বলে দাবি করেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কাজ প্রচারের জন্য করছেন না, বরং বাস্তবেই রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়ের চেষ্টা করছেন।