খেলা
'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে নেমেছে মানুষের ঢল। গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শোকসভায় লাখো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে এক বিশাল জনসমুদ্র।
শোকের এই সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল ‘আমরা প্রতিশোধ নেবোই’ লেখা পতাকা। পুরো পরিবেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভ ও উত্তেজনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।
উপস্থিত জনতার একটি বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। একই সঙ্গে খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে তারা বারবার সোচ্চার হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, জানাজার পরিবেশজুড়ে গভীর শোকের পাশাপাশি উত্তেজনাপূর্ণ আবহ বিরাজ করছিল। খামেনির মৃত্যুতে শোকাহত মানুষ প্রতিশোধ নেওয়ার শপথ উচ্চারণ করেন এবং হত্যাকাণ্ডের জবাব দেওয়ার আহ্বান জানান।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত শোকাহত মানুষ ও প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের এক বিশাল সমাবেশে।