খেলা
আনচেলত্তি থাকবেন নাকি ছাঁটাই হবেন, যা জানাল ব্রাজিল ফুটবল ফেডারেশন
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ব্যর্থতার পর সেলেসাওদের ডাগআউটে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন তৈরি হলেও তাকে নিয়ে আস্থার কথাই জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে সরানোর কোনো পরিকল্পনা নেই। বরং চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকেই দলের দায়িত্বে রাখা হবে।
জাতীয় দলের নির্বাহী পরিচালক রদ্রিগো কায়তানো স্পষ্টভাবে বলেছেন, সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও আনচেলত্তির ওপর আস্থা হারায়নি ফেডারেশন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দায়িত্বে রাখা হয়েছে এবং আগামীতেও তার অধীনেই দল এগোবে।
২০২৫ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেন আনচেলত্তি। বাছাইপর্বের শেষদিকে দলের দায়িত্ব নিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল ব্রাজিল। তবে প্রথম বড় পরীক্ষায় নরওয়ের কাছে হেরে প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা।
কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হলেও এখনই বড় কোনো সিদ্ধান্তে যেতে চায় না ফেডারেশন। কায়তানো বলেন, দলের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হবে। এজন্য একটি স্থিতিশীল পরিবেশ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
নরওয়ের কাছে হারের পর দলের ভেতরের হতাশার চিত্রও তুলে ধরেন কায়তানো। তবে গত কয়েক সপ্তাহে কোচ, ফুটবলার ও স্টাফদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়ে ব্রাজিল ধীরে ধীরে উন্নতির দিকেই এগোচ্ছিল।
অন্যদিকে হতাশ হলেও হাল ছাড়ছেন না কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, এই হার কষ্টদায়ক হলেও এখানেই শেষ নয়, নতুনভাবে শুরু করার প্রত্যয় নিয়েই সামনে এগোতে হবে।