খেলা
‘মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি’ পল্টি মারলেন ঘানার তান্ত্রিক!
বিশ্বকাপে ঘানার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিলেন দেশটির তান্ত্রিক কুয়াকু বনসাম। নানা ভবিষ্যদ্বাণী দিয়ে শিরোনাম হওয়া এই তান্ত্রিক এবার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন।
গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে আলোড়ন তৈরি করেন কুয়াকু বনসাম। তিনি দাবি করেছিলেন, জাদুর মাধ্যমে কেইনকে আটকে রেখেছেন, ফলে তিনি গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলশূন্য ছিলেন কেইন, আর তাতেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই তান্ত্রিক।
এরপর নকআউট পর্বে আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেন তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় বলা হয়, কেপ ভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। পাশাপাশি পর্তুগাল চ্যাম্পিয়ন হবে এবং ক্রিস্তিয়ানো রোনালদো প্রথমবারের মতো ট্রফি জিতবেন বলেও দাবি করা হয়।
তবে বাস্তবে তার কোনো ভবিষ্যদ্বাণীই সত্য হয়নি। কেপ ভার্দের বিপক্ষে লড়াই করে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল।
পরিস্থিতি বদলাতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুয়াকু বনসাম। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, মেসিকে নিয়ে তার নামে ছড়ানো ভবিষ্যদ্বাণী ভুয়া।
তিনি বলেন, ‘আমাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে আমি নাকি বলেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক।’
এছাড়া তিনি আরও যোগ করেন, ‘মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’