খেলা

ফিফা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে নামছে ইইউ আইনপ্রণেতারা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

ফিফা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে নামছে ইইউ আইনপ্রণেতারা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবলে তার ভূমিকা খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল সংস্থাগুলোর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে ফিফার বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে সম্মিলিতভাবে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এখনই ইউরোপীয় দেশগুলোর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। বিশেষ করে বালোগান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নীতিনির্ধারকরা।

গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার এক ম্যাচকে ঘিরে এ বিতর্কের সূত্রপাত হয়। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। তবে এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করেন। পরবর্তীতে ফিফা এক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে, যা নতুন করে প্রশ্নের জন্ম দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শোনা যায়, ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। এতে ফিফার নিরপেক্ষতা নিয়ে ইউরোপজুড়ে ব্যাপক সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে।

ইউরোপীয় ফুটবলের শীর্ষ সংস্থা উয়েফা এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে একে ‘নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রেফারিং বিতর্ক, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর সংশ্লিষ্ট নানা অভিযোগ উঠেছে। এসব বিষয়সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নামছে ইউরোপীয় পার্লামেন্ট।