খেলা
স্পেনের জয়ে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ জিতেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব মিয়া খলিফা। ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেনের পক্ষে বাজি ধরে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকা) ফেরত পেয়েছেন।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন ৩৩ বছর বয়সী মিয়া খলিফা। এ সময় তার গায়ে ছিল স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জার্সি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পেনের পক্ষে করা বাজির একটি স্ক্রিনশটও প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ১.৬৫ অডসে তিনি ১০ লাখ (১ মিলিয়ন) ডলার বাজি ধরেছিলেন। অতিরিক্ত সময়ে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতায় তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরত পান। অর্থাৎ, মূল বাজির অর্থ বাদ দিলে তার নিট লাভ হয় প্রায় ৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ৩ লাখ টাকা)।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়া খলিফা লিখেছেন, ‘বিশ্বাস রেখেছি, আর বড় জয় পেয়েছি। আমার “নিজের দেশ” স্পেনকে নিয়ে আমি ভীষণ গর্বিত-যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।’
ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। সেই জয়ের সঙ্গেই সফল হয় মিয়া খলিফার সাত অঙ্কের বাজি।
ফাইনালের আগে থেকেই আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। সেমিফাইনালের সময় স্পেনের জার্সি পরে ছবি প্রকাশের পাশাপাশি তিনি লিখেছিলেন, ‘আজ আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক না কেন, আমি তাদেরই সমর্থন করার জন্য প্রস্তুত ছিলাম।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারীসংখ্যার অধিকারী মিয়া খলিফা বর্তমানে সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট তৈরি এবং খেলাধুলা ও বিনোদন-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।