খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে তার ১৬ বছরেরও বেশি সময়ের গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
৩৪ বছর বয়সী এই তারকা কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান। ২০২৬ সালের বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছিল, এই ঘোষণায় তার অবসান হলো।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে নেইমারের শেষ উপস্থিতি।
বিদায়ের ঘোষণা দিয়ে নেইমার জানান, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তার কোনো আক্ষেপ নেই। দেশের প্রতিনিধিত্ব করতে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অসাধারণ সময় কাটিয়েছি। ব্রাজিলের জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন। দেশের হয়ে তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকসহ বিভিন্ন বড় আসরে অংশ নিয়ে দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন।
বর্তমানে তার পুরো মনোযোগ ক্লাব সান্তোসকে ঘিরে। সম্প্রতি একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে কনিষ্ঠ খেলোয়াড়দের কঠোর ভাষায় সমালোচনা করার অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ নাকচ করে নেইমার বলেন, দলের মান উন্নত করতেই তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।
তার ভাষায়, ‘এ ধরনের গুজব দুঃখজনক এবং বিরক্তিকর। এতে মানুষের কাছে ভুল বার্তা যায়। আমি শুধু খেলোয়াড়দের বলেছি, আমাদের আরও ভালো খেলতে হবে। জয়ের ম্যাচ এভাবে হাতছাড়া করা যায় না। অধিনায়ক হিসেবে এসব কথা বলার অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো ও গাবিগোলও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।’
মাঠের বাইরের বিতর্ক সত্ত্বেও ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার। এই জয়ের সুবাদে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সান্তোস। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।