খেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি?
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্রকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। কার্ডটি ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়, এমনকি অতিথি তালিকায় লিওনেল মেসির নাম ছিল কি না সেই প্রশ্নও আলোচনার কেন্দ্রে উঠে আসে।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে অনুষ্ঠানের সময়সূচি, ভেন্যু এবং অতিথিদের জন্য ‘অল-ব্ল্যাক’ পোশাক পরার নির্দেশনাও উল্লেখ ছিল।

পর্তুগিজ একটি টেলিভিশন অনুষ্ঠানে কার্ডটি প্রদর্শনের পর বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। তবে পরে রোনালদোর পরিবার এবং স্প্যানিশ একটি সাময়িকী নিশ্চিত করে, নির্ধারিত দিনে তাদের কোনো বিয়ের আয়োজন ছিল না।

এদিকে নিমন্ত্রণপত্রে একাধিক অসঙ্গতিও নজরে আসে। কোথাও অনুষ্ঠানের সময় দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা উল্লেখ করা হয়েছে। যে ভেন্যুর নাম দেওয়া হয়েছিল, সেটিও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত যা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে কথিত অতিথি তালিকায় বিভিন্ন পরিচিত তারকার নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়। তবে পুরো নিমন্ত্রণপত্রটিই ভুয়া প্রমাণিত হওয়ায় এ নিয়ে চলা আলোচনা ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন।