খেলা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে নিরাপদে দেশে ফিরলেন জাতীয় দলের ফুটবলাররা
নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাংবাদিকরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তারা ঢাকায় এসে পৌঁছান। ফ্লাইটটি অবতরণ করে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে।
ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে গোলশূন্য সমতা হলেও, রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায়। এরপর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় জামাল ভূঁইয়াসহ খেলোয়াড়রা কাঠমান্ডুর হোটেলে আটকা পড়েন।
এ সময় হোটেলের সামনে বিক্ষোভকারীরা মিছিল ও অগ্নিসংযোগ করে। এমনকি হোটেলে নেপালের পলাতক রাজনৈতিক নেতারা অবস্থান করছেন—এই অভিযোগ তুলে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফুটবলার ও দলের অন্য সদস্যরা।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নেয়। বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে বিমান বাহিনী একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বুধবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হওয়ার পর বৃহস্পতিবার সকালে খেলোয়াড় ও কর্মকর্তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
নেপাল থেকে দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে খেলোয়াড়দের সহায়তা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধেই বিমান বাহিনী বিশেষ ফ্লাইট পরিচালনায় সম্মত হয়।