খেলা

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির গভীর শোক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির গভীর শোক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে বাফুফে হাদির একটি ছবি সংযুক্ত করে লিখেছে, “আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

শোকবার্তায় বাফুফে আরও জানায়, “বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও পৃথক শোকবার্তায় হাদির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। বিসিবির ফেসবুক পেজে হাদির ছবি সংযুক্ত করে লেখা হয়, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।”

হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ দেশের বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।