খেলা

নকআউটে ফেরার পথ নেই, পেনাল্টির জন্যও প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৯ এএম

নকআউটে ফেরার পথ নেই, পেনাল্টির জন্যও প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, এক লেগের এই লড়াইয়ে ভুলের কোনো সুযোগ নেই। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি—সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে সেলেসাওরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। অতিরিক্ত সময় এবং পেনাল্টি—সবকিছু মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয়—দুটোই সমানভাবে কাজ করতে হবে। এখানে হারলে আর ফেরার সুযোগ নেই। তবে আমার খেলোয়াড়রা জানে, এমন চাপ কীভাবে সামলাতে হয়।’

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে পেলেও শুরুর একাদশ প্রকাশ করেননি ব্রাজিল কোচ। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটিই মাঠে নামতে পারে বলে ধারণা করা হলেও আনচেলত্তি হাস্যরসের সুরে বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই সেটা জেনে গেছে। তাই খেলোয়াড়রা কোচের চেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর নেইমারের ফিটনেস। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা এই তারকাকে এবার আরও বেশি সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় এখন সে অনেক ভালো অবস্থায় আছে। ১৫ মিনিটের বেশি খেলার জন্য সে পুরোপুরি প্রস্তুত। তবে তাকে কখন নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। কারণ, সর্বশেষ গত বছরের অক্টোবরে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যেতে হয়েছিল ব্রাজিলকে। সেই অভিজ্ঞতা থেকেই নকআউটের লড়াইয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়েই মাঠে নামতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।