খেলা

দেয়ালে পিঠ ঠেকেও আর্জেন্টিনার জয়, মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

দেয়ালে পিঠ ঠেকেও আর্জেন্টিনার জয়, মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ফুটবল ইতিহাসের স্মরণীয় প্রত্যাবর্তনগুলোর একটি যখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, তখন মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তিন সন্তানকে নিয়ে সরাসরি ম্যাচটি উপভোগ করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন আন্তোনেলা। একটি ছবিতে তাকে তিন ছেলে—থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে দেখা যায়। আরেকটি ছবিতে জয় নিশ্চিত হওয়ার পর সতীর্থদের কাঁধে উড়তে থাকা লিওনেল মেসির উচ্ছ্বাস ধরা পড়ে।

ছবিগুলোর ক্যাপশনে আন্তোনেলা লেখেন, “ভামোস আর্জেন্টিনা! লিওনেল মেসি, তোমাকে নিয়ে বলার মতো আর কোনো ভাষা অবশিষ্ট নেই।”

ছোট্ট এই বার্তাতেই যেন ফুটবল মাঠে মেসির আরেকটি জাদুকরী রাতের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার এই অসাধারণ পারফরম্যান্সে শুধু সমর্থকরাই নন, আবেগাপ্লুত হয়েছেন তার সবচেয়ে কাছের মানুষটিও।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নেমে এসেছিল হতাশার নীরবতা। তবে শেষ ১২ মিনিটেই বদলে যায় পুরো দৃশ্যপট।

প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর লিওনেল মেসির দুর্দান্ত গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের বুলেটগতির হেডে আসে জয়সূচক গোল।

অবিশ্বাস্য এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি হাজারো আর্জেন্টাইন সমর্থককে স্মরণীয় এক ফুটবল রাত্রির উপহার দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।