খেলা
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে বলের দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় লুইস দে লা ফুয়েন্তের দল।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হাইভোল্টেজ এই লড়াইয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় স্পেন। ম্যাচের ২২তম মিনিটে লামিন ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় লা রোহা। স্পটকিক থেকে কোনো ভুল না করে গোল করেন মিকেল ওয়ারজাবাল। এরপর ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা, যা দলটির রক্ষণভাগে বড় ধাক্কা হয়ে আসে।
বিরতির আগে কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বারকোলার কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে ৫৪তম মিনিটে দানি ওলমোর দারুণ পাস থেকে পেড্রো পোরো দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। ছয় মিনিট পর লামিন ইয়ামাল আরও একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
এরপর রদ্রি ও ফ্যাবিয়ান রুইজের নিয়ন্ত্রণে মাঝমাঠে আধিপত্য ধরে রাখে স্পেন। ম্যাচের শেষ দিকে পেদ্রি, মিকেল মেরিনো, ফেরান তোরেস ও নিকো উইলিয়ামসকে নামিয়ে দলকে আরও শক্তিশালী করেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
শেষ মুহূর্ত পর্যন্ত কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি ফ্রান্স। উল্টো হতাশায় ম্যাচের শেষদিকে স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে অফ-দ্য-বল ফাউল করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
অতিরিক্ত সময়েও গোলের দেখা না পেয়ে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। আর দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন।