খেলা
বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে উপভোগ করবেন স্পেনের রাজপরিবার
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা এখন তুঙ্গে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করবেন স্পেনের রাজপরিবারের সদস্যরাও।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, ফাইনালে জাতীয় দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
এর আগেও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজপরিবারকে গ্যালারিতে দেখা গেছে। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত ফুটবল এবং ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেয়নি স্পেন। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা মাত্র একটি গোল হজম করেছে।
রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসেও নতুন কীর্তি গড়েছে স্পেন। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে মাত্র এক ধাপ দূরে।
অন্যদিকে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাস গড়া। তাই শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত লিওনেল স্কালোনির শিষ্যরা।