খেলা

নজর কাড়লেন হামজা, পেনাল্টিতে বার্মিংহামের কাছে হারল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম

নজর কাড়লেন হামজা, পেনাল্টিতে বার্মিংহামের কাছে হারল বার্সেলোনা
ছবিঃ সংগৃহীত

প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহাম সিটির বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। তবে ম্যাচ শেষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে মৌসুমপূর্ব প্রস্তুতি শুরু করেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের বড় আকর্ষণ ছিলেন বার্সেলোনার নতুন মুখ হামজা আবদেলকরিম। প্রথমবারের মতো বার্সার জার্সিতে মাঠে নেমেই জোড়া গোল করে সবার নজর কাড়েন এই মিসরীয় ফরোয়ার্ড। যদিও তার দুর্দান্ত পারফরম্যান্স দলকে জয় এনে দিতে পারেনি।

বিশ্বকাপ শেষে সিনিয়র দলের বেশ কয়েকজন খেলোয়াড় ছুটিতে থাকায় কোচ হান্সি ফ্লিক তরুণ ও নতুন মুখদের নিয়ে একাদশ সাজান। সেন্ট অ্যান্ড্রুজে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বার্মিংহামের সাবেক খেলোয়াড় জুড বেলিংহামও।

প্রথমার্ধে বার্সেলোনার হয়ে অনানুষ্ঠানিক অভিষেক হয় করিম আদেয়েমি, এব্রিমা তুনকারা, শেন ক্লুইভার্ট এবং হামজা আবদেলকরিমের।

৩১ মিনিটে প্রিসকের গোলে এগিয়ে যায় বার্মিংহাম। এরপর হামজাকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। ৪২ মিনিটে স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান হামজা।

৬০ মিনিটে রুনি বারজির শট গোলরক্ষকের হাত ফসকে গেলে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হামজা। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

তবে ৬৯ মিনিটে জন সলিসের গোলে সমতায় ফেরে বার্মিংহাম। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে দুই গোলরক্ষকই দারুণ নৈপুণ্য দেখালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক বার্মিংহাম সিটি। ফলে প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে হার দিয়েই যাত্রা শুরু হলো বার্সেলোনার।