খেলা

বার্সেলোনায় থাকতে ২ শর্ত ফেররান তরেসের, আগ্রহী পিএসজিও


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

বার্সেলোনায় থাকতে ২ শর্ত ফেররান তরেসের, আগ্রহী পিএসজিও
ছবিঃ সংগৃহীত

স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা ফরোয়ার্ড ফেররান তরেসকে ঘিরে নতুন করে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। ফরাসি ক্লাব পিএসজি তাকে দলে ভেড়াতে আগ্রহী হলেও বার্সেলোনা এখনও তাকে নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলে বার্সেলোনার সামনে দুটি শর্ত তুলে ধরেছেন এই স্প্যানিশ তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেররান বলেন, বার্সেলোনার সঙ্গে তার চুক্তি থাকলেও ফুটবলে কোনো কিছুই নিশ্চিত নয়। তবে ক্লাব যদি তাকে ধরে রাখতে চায়, তাহলে প্রথমত তাদের স্পষ্টভাবে দেখাতে হবে যে তারা তাকে দলে রাখতে আগ্রহী। দ্বিতীয়ত, তার সঙ্গে আলোচনায় বসে এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হবে।

তিনি বলেন, “আমার ভবিষ্যৎ? বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। তবে ফুটবলে কিছুই নিশ্চিত নয়। আমি সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যদি তারা আমাকে রাখতে চায়, তাহলে সেটা কাজের মাধ্যমে দেখাতে হবে এবং আমার সঙ্গে আলোচনায় বসতে হবে।”

তরেস আরও জানান, তার একটি ‘স্বপ্নের ক্লাব’ রয়েছে, তবে সেটির নাম প্রকাশ করতে চাননি। তার ভাষায়, “আমি শুধু এমন জায়গায় থাকতে চাই, যেখানে আমি সুখী থাকব।”

এদিকে বার্সেলোনা জানিয়েছে, তারা ফেররান তরেসের চুক্তি নবায়ন করতে আগ্রহী। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে–সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে সেপ্টেম্বরের আগে নতুন চুক্তির বিষয়ে অগ্রগতি সম্ভব নয়। অন্যদিকে, পিএসজির কোচ লুইস এনরিকে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরোয় বার্সেলোনায় যোগ দেওয়া ফেররান তরেসকে এখনই বিক্রির তালিকায় রাখেনি কাতালান ক্লাব। তবে উপযুক্ত প্রস্তাব এলে পরিস্থিতি বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি।