খেলা
২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই খেলবেন তিনি।
গত্রকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ক্লাব ও ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে আগামী ছয় বছর সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার বাকি ছিল মাত্র এক বছর। এ সময় তাকে দলে টানতে আগ্রহ দেখায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তবে শুরু থেকেই রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছার কথাই জানিয়ে আসছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
গত প্রায় ১৮ মাস ধরে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল রিয়াল। একপর্যায়ে আলোচনা কিছুটা জটিল হলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। নতুন প্রস্তাবে সম্মতি দিয়ে দীর্ঘমেয়াদে ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা।