বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
ঝড়-জলোচ্ছ্বাসে দেশে টেলিযোগাযোগ বিপর্যয়, ৫ হাজারের বেশি সাইট ডাউন
নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে দেশে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ৫ হাজার ৯০০-এর বেশি টেলিকম সাইট ডাউন হয়ে গেছে। আজ শুক্রবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।
তিনি জানান, টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ায় নেটওয়ার্ক রিস্টোর করতে টেলিকম ও পল্লি বিদ্যুৎ কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। ফেসবুক পোস্টে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট মেইনস বিকল হয়েছে ৮ হাজার ২৬২টি (৪৪ শতাংশ), বর্তমানে মোট চালু সাইট রয়েছে ৬৪.২ শতাংশ, আর ডাউন হয়ে যাওয়া সাইটের সংখ্যা ৫ হাজার ৯০৪টি (৩৫.৮ শতাংশ)। ইতোমধ্যে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর (PG) সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতেই ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়ে। তবে এর প্রভাবে আজ শুক্রবার দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকাল শনিবারও বেশ কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় টেলিযোগাযোগ খাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ ও বিকল্প জ্বালানি ব্যবস্থাপনার সক্ষমতা আরও জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে না পড়ে।