পর্যটন

আজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

আজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ। তবে এ যাত্রায় পর্যটকদের সরকারের নির্ধারিত ১২টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের অনুমতি পাবেন। প্রবাল ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ দ্বীপে গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত বন্ধ ছিল।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, “সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও এবার নিরাপত্তার কারণে কক্সবাজার শহর থেকে সরাসরি জাহাজে করে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম জানান, “সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ হিসেবে গণ্য হবে। এই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এবছরও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে।

তবে আইনগত বিধিনিষেধের কারণে উখিয়ার ইনানী থেকে সেন্ট মার্টিনে সরাসরি যাতায়াতের সুযোগ থাকবে না।
গত ২৭ অক্টোবর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তর এ সিদ্ধান্ত কার্যকর করে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, “সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।”

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও সামুদ্রিক প্রতিবেশ রক্ষায় সরকার গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য সীমিত সংখ্যক পর্যটককে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে।