ক্যাম্পাস

একনেকের অনুমোদন পেল ঢাবির ২৮৪২ কোটি টাকার মেগাপ্রকল্প


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

একনেকের অনুমোদন পেল ঢাবির ২৮৪২ কোটি টাকার মেগাপ্রকল্প
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প (ফেজ-১)’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

প্রায় ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এর আওতায় বেশ কিছু পুরনো ভবন ভেঙে নির্মাণ করা হবে আধুনিক বহুতল ভবন।

প্রস্তাবিত নির্মাণ কাজের মধ্যে রয়েছে: শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল ও ভবন, ৯টি আবাসিক শিক্ষকের ভবন, ৮টি একাডেমিক ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা মাল্টিপারপাস ভবন, ৬ তলা মেডিকেল সেন্টার, রেজিস্ট্রার ভবনের একাংশ ভেঙে ২০ তলা ও ৪ তলা প্রশাসনিক ভবন, ৪ তলা বিশিষ্ট আধুনিক কেন্দ্রীয় মসজিদ, গ্যালারি ও ডরমেটরি নির্মাণ ও কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়ন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, প্রশাসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।