ক্যাম্পাস
ডাকসু নির্বাচন
আলাদাভাবে মনোনয়ন ফরম নিয়েছেন ছাত্রদল নেতারা, ভিপি পদে আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ সোমবার (১৮ আগস্ট)।
তবে এখনও প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল। আলাদা আলাদাভাবে ফরম তুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সবাইকে ফরম নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বা পরে প্যানেল ঘোষণা হতে পারে। তবে আজ রাতেও ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন একাধিক নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারি হেলাল। সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
নির্বাচনে ছাত্রদলের প্যানেলে সহ সভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করার পর গণমাধ্যমকে আবিদুল বলেন, ‘সংগঠনের নির্দেশনা অনুযায়ী ফরম সংগ্রহ করেছি। তারেক রহমানের নির্দেশে পুরো প্যানেল দেখতে পাবেন শিগগিরই। এখনও দল থেকে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হলে জানা যাবে কে কোন পদে প্রার্থী হচ্ছেন।’
‘দক্ষ মানবসম্পদ তৈরিতে যা যা দরকার, ছাত্রদলের প্যানেল নির্বাচিত হলে তাই তাই করবে’ —যোগ করেন তিনি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।