ক্যাম্পাস

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ‘কমপ্লিট শাটডাউন’ (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ‘কমপ্লিট শাটডাউন’ (ভিডিও)
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে বুয়েটে আজ বৃহস্পতিবার এমনিতেই সাপ্তাহিক বন্ধ।

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের নাম, পরিচয়সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে তাঁরা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

পুলিশের লাঠিপেটার পর তাঁরা বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারও শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর তাঁরা শাহবাগ মোড় ছেড়ে যেতে থাকেন।

গতকাল রাতেই শাহবাগে এক সংবাদ ব্রিফিংয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ আজ বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে বলে জানান। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ওই সময় বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স ঘোষণা করেন।