ক্যাম্পাস

ধর্ষণের হুমকি‌দাতা আলী হোসেন এখনও হলে অবস্থান করছেন: আবিদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

ধর্ষণের হুমকি‌দাতা আলী হোসেন এখনও হলে অবস্থান করছেন: আবিদ
আবিদুল ইসলাম খান (ইনসটে আলী হোসেন)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিষ্কারের পরও তিনি হলে অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমি জহুরুল হক হলে রাতে প্রচারণার জন্য গিয়েছি। সেখানে গিয়ে আমি দেখেছি আলি হোসেন নামের সেই ছেলের অবস্থান এখনো যথাযথভাবে হলে বিদ্যমান রয়েছে।’

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে আবিদুল বলেন, ‘আমাদের বোনদের জন্য দুঃখজনক ব্যাপার, যে বিশ্ববিদ্যালয়ের অর্ধেক নারী শিক্ষার্থী; যারা এই গণ অভ্যত্থানকে আনুষ্ঠানিকতার রূপ দিল আজকে সেই মেয়েরা ৫ আগস্ট পরবর্তী সময়ে এতোটাই অনিরাপদ হয়ে গেছে যে তারা এতোটাই ভয় পায়, সাইবারবুলিংয়ে তাদের ক্ষতি করা হচ্ছে প্রতিনিয়ত। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সেই নিরাপত্তাটুকু দিতে ব্যার্থ হচ্ছে। আজকে ম্যাসিভ আকারে সাইবার বুলিং হচ্ছে।’

ডাকসু নির্বাচনে গোটা দেশের চোখ রয়েছে উল্লেখ করে আবিদুল বলেন, ‘ডাকসু নির্বাচন তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভরশীল নয়, এটা গোটা বাংলাদেশের। জাতীয় নির্বাচনে আসনভিত্তিক নজর থাকে আর ডাকসু নির্বাচনে গোটা বাংলাদেশের নজর থাকে।’