ক্যাম্পাস
বেরোবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং এই অভিযোগ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তরে জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে খারাপ ইঙ্গিত, কুপ্রস্তাব, অশোভন আচরণ এবং খারাপ টাচ করার মাধ্যমে যৌন হয়রানি করেছেন। অভিযোগপত্রে উল্লিখিত বিভিন্ন ঘটনায় নারীর সম্মানহানির চেষ্টার পাশাপাশি শিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও রয়েছে।
এর আগে, ওই বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের কাছে আরেকটি অভিযোগ পত্র জমা দিয়েছিলেন। ওই অভিযোগে তারা শামীম হোসেনের ক্লাস এবং পরীক্ষাসহ সকল ধরনের কাজে বিরত থাকতে অনুরোধ করেন এবং যৌন হয়রানির ঘটনার বিস্তারিত উল্লেখ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক মো. শামীম হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার ফোন করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার তারা একটি অভিযোগ পত্র পেয়েছেন এবং বিষয়টি নিয়ে বিভাগের মধ্যে জরুরি মিটিং অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুতর অভিযোগ, আমরা পুনরায় মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “আমরা অভিযোগ পত্রটি পেয়েছি এবং এটি যৌন হয়রানি বিষয়ক সেলে সিলগালা করে পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত মিটিংয়ের মাধ্যমে নেয়া হবে।”
যৌন হয়রানি বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক জানান, তাদের কাছে অভিযোগপত্র এসেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।