ক্যাম্পাস

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডাকসু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডাকসু
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (ইনসেটে)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে এই আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। তবে এবার ২০২৫ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।

এজিএস মহিউদ্দিন খান বলেন, “২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে ২০২৫ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেটি বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি এই সিদ্ধান্তে নীতিগতভাবে একমত হয়েছেন। ফলে এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা।”

মহিউদ্দিন খান আরও বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থেকেই ডাকসুর কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনের আগে আমরা অঙ্গীকার করেছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব - এখনও সেই প্রতিশ্রুতি অনুযায়ী এগোচ্ছি।”

তিনি জানান, ডাকসুর প্রতিশ্রুত কাজগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে - অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত কাজ, দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।

তিনি আরও জানান,“সেবা সম্পর্কিত কিছু কাজ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে, কিছু কাজ শিগগিরই হবে। আর নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে কিছু কাজ এখনই বাস্তবায়ন করা সম্ভব না হলেও আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এসব কাজ ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে”